| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় ‘বাওরাইদ তরুণ প্রজন্ম’র সভাপতির স্বেচ্ছায় পদত্যাগ

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৬ ইং | ১৫:৩৩:৪৬:অপরাহ্ন  |  ৪০৭৬৫ বার পঠিত
কাপাসিয়ায় ‘বাওরাইদ তরুণ প্রজন্ম’র সভাপতির স্বেচ্ছায় পদত্যাগ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় সামাজিক ও মানবিক সংগঠন ‘বাওরাইদ তরুণ প্রজন্ম’-এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর মোল্লাহ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। ব্যক্তিগত সমস্যা, শারীরিক অসুস্থতা ও দায়িত্ব পালনে ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি সংগঠনের পরিচালনা পর্ষদ ও উপদেষ্টা পরিষদের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

জাহাঙ্গীর মোল্লাহর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাওরাইদ তরুণ প্রজন্ম’র পরিচালনা পর্ষদের সম্মেলন-২০২৫ এ তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে ব্যক্তিগত নানা জটিলতা, শারীরিক অসুস্থতা এবং সাংগঠনিক কাজে সময় দিতে না পারায় তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এ কারণে গত ১৮ মে তিনি স্বেচ্ছায় পদত্যাগের আবেদন করেন।

পদত্যাগপত্রে তিনি বর্তমান ও পূর্ববর্তী সময়ের দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বাওরাইদবাসী, সংগঠনের সদস্য, উপদেষ্টা পরিষদ ও স্থায়ী পরিষদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের সময় সংগঠনের কোনো ঋণ বা আর্থিক দায় ছিল না। অফিসের সম্পদসমূহ এখনো সংরক্ষিত রয়েছে এবং অফিসটি ভাড়াভিত্তিক পরিচালিত হচ্ছে।

জাহাঙ্গীর মোল্লাহ বলেন, “ব্যক্তিগত কারণে সংগঠনে পর্যাপ্ত সময় দিতে পারছি না। তাই সংগঠনের বৃহত্তর স্বার্থে সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছি। তবে সংগঠনের কল্যাণে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “সকলের ইচ্ছা থাকলে বড় কোনো দায়িত্ব নয়, সাধারণ সদস্য হিসেবেও আমি সংগঠনের সঙ্গে থাকতে চাই।”

পদত্যাগপত্র অনলাইনে জমা দেওয়ার বিষয়ে তিনি বলেন, “এখন ডিজিটাল যুগ। অফিসিয়াল ফেসবুক গ্রুপ বা অনলাইন মাধ্যমে নথি জমা দেওয়াই স্বাভাবিক। তারপরও আমি দায়িত্বশীল কারও কাছে ডকুমেন্ট পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।”

তিনি দাবি করেন, এর আগেও অন্তত দুইবার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে সেসব আবেদন গ্রহণ করা হয়নি। গত তিন মাস আগেও তিনি দায়িত্ব ছাড়ার কথা জানালেও প্রধান উপদেষ্টা তার সঙ্গে কোনো যোগাযোগ করেননি বলে অভিযোগ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে কথা বললে বিস্তারিত জানা যাবে।”

এদিকে সংগঠনের প্রধান উপদেষ্টা মো. জয়নাল আবেদীন মোল্লা (রানু) বলেন, “জাহাঙ্গীর আগেও কয়েকবার পদত্যাগপত্র দিয়েছিল। এবার হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার গ্রুপে কপি দিয়েছে। এভাবে অনলাইনে পাঠানো পদত্যাগপত্র গ্রহণযোগ্য নয়। সরাসরি এসে জমা দিতে হবে।”

তিনি আরও বলেন, “সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের নানা সমালোচনা সহ্য করতে হয়। আশপাশের মানুষের কথায় কান দিলে চলবে না।”

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪