ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানার দেবীপুর ভাকুড়া পাড়া এলাকায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় তার বড় ভাইকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।
গ্রেপ্তার হওয়া তরুণের নাম মো. আরমান আকাশ (১৮)। তিনি ঠাকুরগাঁও শহরের মুন্সিপাড়া বালুর চর এলাকার বাসিন্দা। পুলিশ তার কাছ থেকে ১৮ ইঞ্চি হাতলবিশিষ্ট একটি ধারালো চাইনিজ কুড়াল উদ্ধার করেছে।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে ভূল্লী থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীপুর ভাকুড়া পাড়া এলাকার এক গরু ব্যবসায়ীর ৯ বছর বয়সী মেয়ে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত আরমান আকাশের খালার বাড়ি ভুক্তভোগীদের বাড়ির পাশেই হওয়ায় তিনি প্রায়ই সেখানে যাতায়াত করতেন। এ সুযোগে তিনি ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি জানতে পেরে ছাত্রীর বড় ভাই জীবন ইসলাম (১৬) আরমানকে ডেকে তার বোনকে বিরক্ত না করতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন আরমান।
অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে আরমান হাতে একটি ধারালো চাইনিজ কুড়াল নিয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে প্রবেশ করেন। তিনি জীবন ইসলামকে খুঁজতে থাকেন এবং তার মায়ের সামনে চিৎকার করে বলেন, “জীবন কোথায়? তাকে পেলেই কুপিয়ে হত্যা করব।”
জীবন বাড়িতে না থাকায় আরমান হুমকি দিয়ে চলে যাওয়ার সময় জীবনের মা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে বাড়ির সামনের রাস্তা থেকে স্থানীয়রা তাকে অস্ত্রসহ আটক করেন। এ সময় উত্তেজিত জনতার মারধরে আরমান আহত হন।
খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আরমানকে হেফাজতে নেয়। পরে পুলিশি পাহারায় তাকে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রটি জব্দ করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
রিপোর্টার্স২৪/মিতু