নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার আছড়াখালি গ্রামে সিংড়া-তাহেরপুর সড়কে ট্রাকচাপায় খেদমত আলী (৫৬) নামের এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় রফিকুল ইসলাম (৫০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন, যার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাক সিংড়া থেকে পাটুলের দিকে যাচ্ছিল। পথে আছড়াখালি গ্রামে পৌঁছালে খেদমত আলী ভাঙারি বহনকারী ভ্যান নিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকটি তাকে সরাসরি চাপা দেয়। এতে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার সময় পাশে থাকা রফিকুল ইসলামও গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এদিকে, দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ধাওয়া দিয়ে ট্রাকটিকে পাটুল বাজার এলাকায় আটক করে। তবে ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
রিপোর্টার্স/এসএন