ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। নগরবাসীর জীবনমান উন্নয়ন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, সরকার সবসময় নিম্নআয়ের মানুষের পাশে রয়েছে এবং অসহায় পরিবারের আবাসন নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন বাবলু এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। তিনি বলেন, নগরবাসীর কল্যাণে সিটি কর্পোরেশন বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে।
অনুষ্ঠান শেষে অতিথিরা সুবিধাভোগী পরিবারের হাতে ঢেউটিন তুলে দেন। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রকৌশলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।