| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এআই ক্যামেরার ট্রাফিক জরিমানার নামে প্রতারণার ফাঁদ: ডিএমপির জরুরি সতর্কতা

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ১৭:০৯:১২:অপরাহ্ন  |  ১২৩০ বার পঠিত
এআই ক্যামেরার ট্রাফিক জরিমানার নামে প্রতারণার ফাঁদ: ডিএমপির জরুরি সতর্কতা

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর সড়কে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক জরিমানার নামে সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে পাঠানো এসএমএসকে সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২৫ মে) এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে নাগরিকদের এ ধরনের বার্তা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন নম্বর ও ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ট্রাফিক জরিমানার ভুয়া এসএমএস পাঠিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও প্রতারণার চেষ্টা করা হচ্ছে। এসব বার্তার সঙ্গে ডিএমপির কোনো ধরনের সম্পর্ক নেই।

ডিএমপি স্পষ্টভাবে জানায়, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী কোনো যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক মামলা হলে সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগ বা ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত চিঠি যানবাহনের মালিকের ঠিকানায় পাঠানো হয়।

এছাড়া শুধুমাত্র নির্দিষ্ট দুটি সরকারি নম্বর—০১৩২০-০৪২২০৭ এবং ০১৩২০-০৪২২২৭ থেকে প্রয়োজন অনুযায়ী এসএমএস পাঠানো হয়ে থাকে। এর বাইরে কোনো নম্বর থেকে আসা বার্তাকে ভুয়া হিসেবে গণ্য করতে হবে বলে সতর্ক করেছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রাফিক জরিমানা পরিশোধ করা যায় অনলাইন ব্যাংকিং, উপায় ও সিবিবিএল সিস্টেমের মাধ্যমে। তবে কোনো অবস্থাতেই পুলিশ বা ডিএমপি নাগরিকদের কাছ থেকে পিনকোড, পাসওয়ার্ড বা ওটিপি চায় না। কোনো বার্তায় লিংকে ক্লিক করে ব্যক্তিগত তথ্য দিতে বলা হলে তা প্রতারণার অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

এআই ক্যামেরা বা ভিডিও মামলাসংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে ডিএমপির ডেল্টা-৩ শাখার ০১৩২০-০৪২২০৭ ও ০১৩২০-০৪২২২৭ নম্বরে যোগাযোগ করার পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরেও যোগাযোগ করতে বলা হয়েছে।

নগরবাসীকে এসব ভুয়া বার্তার ফাঁদ থেকে সতর্ক থেকে নিরাপদ থাকার আহ্বান জানিয়েছে ডিএমপি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪