| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭ নভেম্বরেই প্রকৃত স্বাধীনতার স্বাদ পায় দেশের মানুষ: রিজভী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৬ ইং | ১০:৫৯:২৭:পূর্বাহ্ন  |  ১৯৫৮৯৪ বার পঠিত
৭ নভেম্বরেই প্রকৃত স্বাধীনতার স্বাদ পায় দেশের মানুষ: রিজভী

রিপোর্টার্স২৪ ডেস্ক: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে দেশের মানুষ প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুদৃঢ় করার নতুন অঙ্গীকার খুঁজে পেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তির মধ্য দিয়ে গোটা জাতি আবার নতুন করে পথের দিশা পেয়েছিল।

শনিবার (৭ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি মাত্র দুই-তিন মিনিটের মধ্যে গোটা জাতিকে চিরতরে শৃঙ্খলাবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। আইন প্রণয়ন ও বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের কাছ থেকে নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়। এরপর তাদের নিজেদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান ও মর্মান্তিক রক্তপাতের পরিস্থিতি তৈরি হয়।

তিনি বলেন, দেশকে একটি অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল। গোটা দেশ তখন এক অমানিশায় ঢেকে যায়। সেই মুহূর্তে জনগণের আকুতি ছিল প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্রের স্বাদ ফিরে পাওয়ার। জিয়াউর রহমান সেই প্রত্যাশা পূরণ করেছিলেন।

বিএনপির এই নেতা আরও বলেন, ২৩ নভেম্বর এ দেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারকে ক্যান্টনমেন্টের বাসায় বন্দি করে রাখা হয়। এতে একটি স্বাধীন জাতির স্বাধীনভাবে বিকশিত হওয়ার যে আশা-আকাঙ্ক্ষা, তা হতাশায় নিমজ্জিত হয়ে পড়ে। মানুষ চরম অরাজকতা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে থাকে। চারদিকে বিরাজ করছিল শঙ্কা ও উদ্বেগ।

রিজভী বলেন, ৭ নভেম্বর জিয়াউর রহমান মুক্তি লাভ করেন। তাঁর মুক্তির মধ্য দিয়ে গোটা জাতি আবার নতুন করে পথের দিশা খুঁজে পায়।

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও উৎপাদনে এগিয়ে যায় এবং আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। তাঁর নেতৃত্বেই এ দেশের মানুষ বহুদলীয় গণতন্ত্রের সন্ধান পায়।

শ্রদ্ধা নিবেদন শেষে দেওয়া বক্তব্যে রিজভী ৭ নভেম্বরের ঘটনাকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে তুলে ধরেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪