স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভাইরাল হওয়া এলভিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে রাজসিক আয়োজনে বিদায় জানিয়েছে রাবেয়া এগ্রো ফার্ম।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় মহিষটির ক্রেতা রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা সামির পশুটি নিতে এলে লাল গালিচা সংবর্ধনার আয়োজন করা হয়। এর আগে দুপুর থেকেই নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় ফার্মটির কর্মীরা মহিষটিকে গোসল করিয়ে বিদায়ের প্রস্তুতি নেন।
পরে বিশেষ পোশাক পরিয়ে রঙিন স্মোকের মধ্যে লাল গালিচায় হাঁটিয়ে মহিষটিকে বিদায় জানানো হয়। এ সময় উপস্থিত মালিকপক্ষ ও স্থানীয়রা আবেগাপ্লুত হয়ে পড়েন।
ফার্ম সূত্র জানায়, এলভিনো জাতের মহিষটির চুল ও চোখের গঠন অনেকটা ডোনাল্ড ট্রাম্প-এর মতো হওয়ায় আদর করে এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।
৭০০ কেজি ওজনের মহিষটি আগেই প্রতি কেজি ৫৫০ টাকা দরে কিনে রেখেছিলেন সামির। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে মহিষটিকে দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে। আন্তর্জাতিক গণমাধ্যমেও স্থান পায় এ মহিষের খবর।
রাবেয়া এগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, মহিষটিকে বিদায় দিতে কষ্ট লাগছে। তবে কোরবানির ত্যাগের মহিমায় বিদায় দিতেই হচ্ছে। আমরা আজীবন এটিকে মনে রাখবো।
ক্রেতা সামির বলেন, মহিষটি আগেই কিনেছিলাম। পরে ভাইরাল হওয়ার খবর পাই। এখন আমার এলাকার মানুষও মহিষটি দেখার অপেক্ষায় আছেন।