স্টাফ রিপোর্টার: রাজধানীর কালশী বাউনিয়ানাধ বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন আমিনুল হক।
সোমবার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, বস্তিতে থাকা কয়েকটি দোকান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাতাসের তীব্রতার কারণে পরিস্থিতি আরও জটিল হয়। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক খাদ্য সহায়তার জন্য সরকারের পক্ষ থেকে প্রায় ১০ লাখ টাকার তহবিল বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি পুনর্বাসনের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, এই মানুষগুলো আজ রাত কীভাবে কাটাবে, সেটি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। পুনর্বাসন না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকবো।
আগুনের ঘটনায় নাশকতার সংশ্লিষ্টতা আছে কি না, সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। আমিনুল হক বলেন, এটি কোনোভাবে নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ কাজ করছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি ভিডিওও পাওয়া গেছে, যেখানে এক ব্যক্তির বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ উঠেছে।
তিনি আরও বলেন, কিছুদিন আগে এলাকায় উচ্ছেদ অভিযান হয়েছিল। সেই ঘটনার সঙ্গে অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কি না, তাও তদন্তে দেখা হবে।
ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তালিকা অনুযায়ী তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি