| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের ছুটিতেও আজ সীমিত পরিসরে খোলা ব্যাংক

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৬ ইং | ১১:২৭:২১:পূর্বাহ্ন  |  ১১৭৭ বার পঠিত
ঈদের ছুটিতেও আজ সীমিত পরিসরে খোলা ব্যাংক

রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত টানা সাত দিনের সরকারি ছুটির মধ্যেও আজ মঙ্গলবার (২৬ মে) দেশের কয়েকটি ব্যাংক শাখা সীমিত পরিসরে খোলা রাখা হয়েছে। বিশেষ করে তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, খোলা থাকা শাখাগুলোতে অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে সাধারণ গ্রাহকরা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংকিং লেনদেনের সুযোগ পাবেন।

এ সংক্রান্ত একটি সার্কুলার গত ১৮ মে জারি করে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি)। সার্কুলারে উল্লেখ করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির কারণে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব ব্যাংক বন্ধ থাকলেও বিশেষ প্রয়োজনে কিছু শাখা সীমিত আকারে চালু রাখা হবে।

বিশেষ করে তৈরি পোশাক শিল্প অধ্যুষিত এলাকা ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে খোলা রাখা হয়েছে। এসব শাখার মাধ্যমে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ কার্যক্রম নির্বিঘ্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া দেশের সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা সেবা চালু রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ঈদের ছুটির সময়েও (ঈদের দিন ছাড়া) আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট সীমিত ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪