ইন্টারন্যাশনাল ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ চিলির উত্তরের আন্তোফাগাস্তা অঞ্চলে শক্তিশালী ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় বিকালে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
চিলি বিশ্ববিদ্যালয়ের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কালামা শহরের দক্ষিণে প্রায় ১২ কিলোমিটার দূরে। কম্পনটি আশপাশের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে।
ভূমিকম্পের পর চিলির হাইড্রোগ্রাফিক ও ওশেনোগ্রাফিক সার্ভিস জানায়, এই কম্পনের ফলে সুনামি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তাই উপকূলীয় এলাকায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থান হওয়ায় চিলিতে প্রায়ই ভূমিকম্প হয়। নাজকা ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে দেশটিতে নিয়মিত ছোট-বড় ভূমিকম্প আঘাত হানে।
চিলির ইতিহাসে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পও হয়েছিল। ১৯৬০ সালে ভালদিভিয়ায় ৯ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ নিহত হন। এছাড়া ২০১০ সালে ৮ দশমিক ৮ মাত্রার আরেকটি ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।
সূত্র: আনাদোলু
রিপোর্টার্স২৪/ঝুম