গাইবান্ধা প্রতিনিধি: মুসলমানদের বছরে দুইটি প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল আযহা অন্যতম। পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে দেশের উত্তরবঙ্গ থেকে ঢাকায় অবস্থানরত মানুষজন ফিরছেন নাড়ির টানে। ঝুকিপূর্ণ অবস্থায়ও হার মানাতে পারেনি তাদের ঘরে ফেরা।
মঙ্গলবার বিকেলে গাইবান্ধা রেল স্টেশনে দেখা যায় ঢাকা থেকে আগত বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটিতে উপচেপড়া ভিড়। ট্রেনের ভেতরে তিল পরিমাণ ঠাঁই নেয়ার জায়গা নাই,পাশাপাশি যাত্রীরা টিকেট না পেয়ে ট্রেনের ছাদে জীবনের ঝুঁকি নিয়েই ফিরছেন বাড়িতে।
ছাদে ভ্রমণ করা একাধিক জনের সাথে কথা বলে জানা যায়, জীবিকার তাগিদে বাড়ি ছেড়ে কাজের উদ্দেশ্যে পাড়ি জমান রাজধানী ঢাকাতে। বছরে দুই ঈদে একটু ছুটি পান তারা। তাই হাজার প্রতিকূলতা উপেক্ষা করে পরিবারের সাথে ঈদ উদযাপন করার জন্যই মূলত ছুটে আসা। তবে এতো কষ্ট করে আসার পরও বিন্দুমাত্র কষ্ট হয় না তাদের।
সমাজকর্মী আমিনুল ইসলাম জানান, ট্রেনের ছাদে ভ্রমণ করা অনেক ঝুকিপূর্ণ। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার শিকার হতে পারেন কেউ। তবে ছাদে ভ্রমণ না করাটাই ভালো।
রিপোর্টার্স/সাইফ