আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজের কারখানায় রাসায়নিকবাহী ট্যাংক বিস্ফোরণের ঘটনায় একাধিক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (২৬ মে) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এবিসি টেন ও সিবিএস নিউজ।
এক যৌথ বিবৃতিতে নিপ্পন ডিনাওয়েভ প্যাকেজিং কোম্পানি এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা জানায়, বিস্ফোরণের ঘটনায় একাধিক ব্যক্তি গুরুতর হতাহত হয়েছেন এবং কারখানাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
লংভিউ ফায়ার ডিপার্টমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলে এখনও উদ্ধার তৎপরতা চলছে। আহত বা নিহতদের পরিবারের সম্মতি না পাওয়া পর্যন্ত তাদের পরিচয় বা সংখ্যা প্রকাশ করা হবে না।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় আশপাশের বাসিন্দাদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তাৎক্ষণিক উদ্ধারকারী দল আহতদের ঘটনাস্থল থেকে লংভিউ ও ভ্যাংকুভার এলাকার হাসপাতালগুলোতে নিয়ে যায়। তবে বিস্ফোরিত ট্যাংকে কী ধরনের রাসায়নিক ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সময় সকাল ৭টা ১৯ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। উদ্ধার অভিযানে এখন পর্যন্ত অন্তত ৪০ জন ফায়ারফাইটার ও প্যারামেডিক অংশ নিয়েছেন।