| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে ঘরমুখো মানুষ

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৬ ইং | ২১:২২:১০:অপরাহ্ন  |  ১০০০৮৯৮ বার পঠিত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে ঘরমুখো মানুষ

টাঙ্গাইল প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢলে কার্যত স্থবির হয়ে পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গগামী লাখো যাত্রী।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যার পর থেকেই মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়, সফিপুর, কালিয়াকৈর, গোড়াই ও মির্জাপুর এলাকায় যানবাহনের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও ভয়াবহ আকার ধারণ করে। কোথাও কোথাও এক ঘণ্টায় এক কিলোমিটার পথও অতিক্রম করতে পারেনি যানবাহন।

জানা গেছে, রাজধানী ঢাকা, সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় ছুটি শুরু হওয়ায় শ্রমিক ও চাকরিজীবীরা একযোগে বাড়ির পথে রওনা দেন। একই সময়ে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ির চাপ বেড়ে যাওয়ায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ধীরগতির যান চলাচল শুরু হয়। পরে তা দীর্ঘ যানজটে রূপ নেয়।

যাত্রীদের অভিযোগ, যানজটের পাশাপাশি থেমে থেমে বৃষ্টি এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ঈদযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠেছে। নারী ও শিশুদের নিয়ে অনেক পরিবারকে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকতে হয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটেও পড়েছেন অনেকে। কয়েকটি পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া গেছে।

চন্দ্রা এলাকায় আটকে থাকা এক বাসচালক বলেন, সন্ধ্যার পর থেকেই গাড়ির চাপ বাড়তে থাকে। এখন এক ঘণ্টায় সামান্য পথও অতিক্রম করা যাচ্ছে না। যাত্রীরা ক্লান্ত হয়ে পড়েছেন।

কয়েকজন যাত্রী জানান, স্বাভাবিক সময়ে ঢাকা থেকে টাঙ্গাইল যেতে যেখানে চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগে, সেখানে মঙ্গলবার রাতে একই পথে ১০ থেকে ১২ ঘণ্টার বেশি সময় লেগেছে। ফলে অনেকে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিনের বেলায় মির্জাপুর থেকে এলেঙ্গা পর্যন্ত যান চলাচল অনেকটা স্বাভাবিক থাকলেও রাত ৯টার পর কালিয়াকৈর-মির্জাপুর অংশে চাপ কয়েকগুণ বেড়ে যায়। এছাড়া এলেঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা পর্যন্তও থেমে থেমে যান চলাচল করতে দেখা গেছে।

রহমত উল্লাহ বলেন, ঈদকে কেন্দ্র করে শেষ মুহূর্তে মানুষ ও যানবাহনের চাপ হঠাৎ বেড়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের অতিরিক্ত সদস্যরা মাঠে কাজ করছেন।

হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্টরা জানান, মহাসড়কের কোথাও যানবাহন বিকল হওয়া, অতিরিক্ত চাপ এবং বিভিন্ন পয়েন্টে ধীরগতির কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা রাতভর কাজ চালিয়ে যাচ্ছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪