ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি বাসার গলি থেকে দুই মাস বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে প্রশাসন। অজ্ঞাত ব্যক্তিরা শিশুটিকে সেখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে শিশুটি উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে।
মঙ্গলবার (২৬ মে) রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে সরকারি আব্দুল জব্বার কলেজের সামনের একটি বাসার গলি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হঠাৎ শিশুর কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে যান। পরে গলির ভেতরে ফুটফুটে এক কন্যাশিশুকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।
মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। শিশুটির পরিবারের সন্ধান এবং কে বা কারা তাকে সেখানে ফেলে গেছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন জানান, শিশুটি বর্তমানে নিরাপদে রয়েছে এবং তার প্রয়োজনীয় চিকিৎসা ও দেখভালের ব্যবস্থা করা হয়েছে। শিশুটির পরিচয় শনাক্ত ও পরিবারের সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরিবারের সন্ধান না পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/বাবি