| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেলজিয়ামে ট্রেন–স্কুল মিনিবাস সংঘর্ষে ৪ জন নিহত

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৬ ইং | ০৪:৫১:৫৮:পূর্বাহ্ন  |  ৩৩৪ বার পঠিত
বেলজিয়ামে ট্রেন–স্কুল মিনিবাস সংঘর্ষে ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: বেলজিয়ামের উত্তরাঞ্চলে একটি ট্রেন ও স্কুল মিনিবাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এ ঘটনায় আরও পাঁচ শিশু গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, ফ্ল্যান্ডার্স অঞ্চলের বুগেনহাউট এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল ৮টার কিছু পর স্কুলগামী মিনিবাসটি ব্রুজ থেকে বুগেনহাউটগামী একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বেলজিয়ামের পরিবহণমন্ত্রী জ্যঁ-লুক ক্রুক জানান, নিহতদের মধ্যে বাসচালক, শিশুদের সঙ্গে থাকা একজন প্রাপ্তবয়স্ক এবং দুই শিশু রয়েছে। নিহত দুই শিশুর বয়স ১২ ও ১৫ বছর।

আহত পাঁচ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তারা গুরুতর আহত হলেও বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রেলক্রসিংয়ের ব্যারিয়ার নামানো এবং লাল সতর্ক সংকেত জ্বলতে থাকা অবস্থায় মিনিবাসটি লাইন পার হওয়ার চেষ্টা করে। ট্রেনচালক জরুরি ব্রেক প্রয়োগ করলেও সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের তীব্রতায় সাদা রঙের মিনিবাসটি উল্টে পাশের একটি বাড়ির প্রবেশপথে ছিটকে পড়ে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী হেলিকপ্টার মোতায়েন করা হয়।

ইনফ্রাবেল-এর এক মুখপাত্র জানান, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়। বিষয়টি পুলিশ ও প্রসিকিউটর দপ্তর তদন্ত করছে।

দুর্ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, দুর্ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উরসুলা ফন ডার লায়েনও শোক প্রকাশ করে বলেন, পুরো ইউরোপ বেলজিয়ামের সঙ্গে শোকাহত।

বেলজিয়ামের জাতীয় রেলওয়ে সংস্থা জানায়, দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ১০০ যাত্রী ছিলেন। তবে তারা সবাই নিরাপদ ছিলেন এবং পরে তাদের সরিয়ে নেওয়া হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪