লক্ষ্মীপুর প্রতিনিধি: সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন স্থানীয় মুসল্লিরা। বুধবার (২৭ মে) সকাল ৭টায় রামগঞ্জ উপজেলার পার্ক এভিনিউ জাহাঙ্গীর টাওয়ারসংলগ্ন খানকায়ে মাদানিয়া কাসেমিয়া ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জানা গেছে, রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর এবং রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামের সহস্রাধিক মুসল্লি এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।
রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া ঈদগাহে ঈদের জামাতে ইমামতি করেন রামগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মো. রুহুল আমিন। এছাড়া বিভিন্ন এলাকায় পৃথক ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।
নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি করেন তারা। ঈদকে ঘিরে ঈদগাহসংলগ্ন এলাকায় বসে মেলাও। সেখানে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
স্থানীয়রা জানান, মাওলানা ইসহাক (রা.)-এর অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে আসছেন। গত ৪৯ বছর ধরে এ অঞ্চলের মুসল্লিরা একই নিয়ম অনুসরণ করছেন।
খানকায়ে মাদানিয়া কাসেমিয়া ঈদগাহের ইমাম মাওলানা মো. রুহুল আমিন বলেন, একসময় সংবাদ আদান-প্রদানের সীমাবদ্ধতা থাকলেও বর্তমান প্রযুক্তির যুগে বিশ্বের একপ্রান্তে চাঁদ দেখা গেলে অন্যপ্রান্তেও তা অনুসরণ করা সম্ভব। সে বিশ্বাস থেকেই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় কার্যক্রম পালন করছেন। আগামীতেও আল্লাহর সন্তুষ্টি লাভে পালন করে যাব, ইনশাল্লাহ।
রিপোর্টার্স২৪/বাবি