ইন্টারন্যাশনাল ডেস্ক: সুদানের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত শহর আল-টিনায় ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানা গেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র। খবর আরব নিউজের।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার স্থানীয় বাজার এলাকায় একদল নারী ব্যবসায়ী খাবার ও চা বিক্রি করছিলেন। হঠাৎ করেই সেখানে ড্রোন হামলা চালানো হয়। মুহূর্তের মধ্যে বিস্ফোরণে ঘটনাস্থলেই বহু মানুষ প্রাণ হারান। আহতদের আর্তচিৎকারে পুরো এলাকা আতঙ্কে ছড়িয়ে পড়ে।
স্থানীয় এক সরকারি কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ও আহতের সংখ্যা এখনো যাচাই করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে অন্তত ১৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, হামলার পর তারা ঘটনাস্থলে গিয়ে ১৪টি মরদেহ উদ্ধার করেন, যাদের মধ্যে অধিকাংশই নারী। তবে নিরাপত্তাজনিত কারণে তারা নাম প্রকাশ করেননি।
এই হামলার জন্য আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করা হচ্ছে। তবে স্বাধীনভাবে এ অভিযোগ যাচাই করা যায়নি এবং কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে তীব্র সংঘাত চলছে। দীর্ঘ এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশটির দারফুর অঞ্চল বর্তমানে ভয়াবহ মানবিক সংকট ও খাদ্য ঘাটতির মধ্য দিয়ে যাচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম