নারায়ণগঞ্জ প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন একদল মুসল্লি। বৈরী আবহাওয়ার মধ্যেও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বুধবার (২৭ মে) সকাল ৯টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া এলাকায় অবস্থিত শাহ সুফি মমতাজিয়া মোহাম্মদীয়া হাফেজিয়া মাদরাসা ও জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। একই দিন এর আগে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নেও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করেন অনুসারীরা।
ঈদের নামাজ ও দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা শাহাবুদ্দিন। মুনাজাতে দেশবাসী ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
বৈরী আবহাওয়ার মধ্যেও বৃষ্টিতে ভিজে শিশু, কিশোর ও বৃদ্ধ মুসল্লিদের নামাজে অংশ নিতে দেখা যায়। নামাজকে কেন্দ্র করে এলাকায় ধর্মীয় ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয় মুসল্লিরা জানান, প্রতিবছরের মতো এবারও তারা বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার তথ্যের ভিত্তিতে ঈদ উদযাপন করছেন। নামাজ শেষে মুসল্লিরা কোরবানির পশু জবাই করেন।
মাদরাসা ও মসজিদ কমিটির সভাপতি মো. মুর্শিদ তুহিন বলেন, “এখানে রোজা ও ঈদ সৌদি আরবকে অনুসরণ করে হয় না। বরং বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হলে আমরা রোজা ও ঈদ উদযাপন করি। অনেকেই মনে করেন আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করি। আসলে বিষয়টি তা নয়। পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখার তথ্যের ভিত্তিতেই আমরা ধর্মীয় রীতি অনুসরণ করি।”
তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণভাবেই ঈদের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
রিপোর্টার্স/এসএন