ইন্টারন্যাশনাল ডেস্ক: দ্বিপাক্ষিক সম্পর্কের বার্তা দিয়ে তিন দিনের রাষ্ট্রীয় সফরে কাজাখস্তানে পৌঁছাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কূটনৈতিক প্রটোকল অনুযায়ী সর্বোচ্চ মর্যাদার এই রাষ্ট্রীয় সফরটি আজ ২৭ মে থেকে শুরু হয়ে চলবে আগামী ২৯ মে পর্যন্ত।
কূটনৈতিক নিয়ম অনুযায়ী সাধারণত এক রাষ্ট্রপ্রধানের মেয়াদে অন্য কোনো দেশে কেবল একটিই রাষ্ট্রীয় সফর সম্ভব হলেও কাজাখস্তানের বিশেষ আমন্ত্রণে পুতিনের এই দ্বিতীয় রাষ্ট্রীয় সফরকে দুই দেশের গভীর বন্ধুত্বের অনন্য নিদর্শন হিসেবে দেখা হচ্ছে। এই সফরটি আস্তানায় অনুষ্ঠিতব্য ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন (ইএইউ) শীর্ষ সম্মেলনের সাথে একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে।
কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ নিজেই আস্তানা বিমানবন্দরে উপস্থিত থেকে রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন। বিমানবন্দর থেকে সরাসরি তারা রাষ্ট্রপতির সরকারি বাসভবনে যাবেন এবং সেখানে দুই নেতা একান্তে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, আনুষ্ঠানিক আলোচনার চেয়ে এই ধরনের অনানুষ্ঠানিক বৈঠকগুলোই দ্বিপাক্ষিক সম্পর্ক ও বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে বেশি ফলপ্রসূ হয়ে থাকে। গত সাত বছরেরও কম সময়ে এটি পুতিন ও তোকায়েভের মধ্যে ৩৯তম ব্যক্তিগত সাক্ষাৎ।
গত বছর কাজাখ প্রেসিডেন্ট তোকায়েভ রাশিয়ায় একটি সফল রাষ্ট্রীয় সফর সম্পন্ন করেছিলেন এবং সে সময়ই তিনি ২০২৬ সালে পুতিনকে কাজাখস্তানে আসার আমন্ত্রণ জানান। কাজাখস্তানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সি বোরোদাকিন এই সফরকে দুই দেশের সম্পর্কের ইতিহাসে অন্যতম উজ্জ্বল একটি অধ্যায় হিসেবে অভিহিত করেছেন। বিগত ২৬ বছরে ভ্লাদিমির পুতিন মোট ৩৩ বার কাজাখস্তান সফর করেছেন, যার সূচনা হয়েছিল ২০০০ সালের অক্টোবরে তার প্রথম প্রেসিডেন্সির মেয়াদে।
রিপোর্টার্স২৪/এম এই