| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লাখো মুসল্লির অপেক্ষায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দান

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৬ ইং | ০২:২৫:২৭:পূর্বাহ্ন  |  ৩১৮ বার পঠিত
লাখো মুসল্লির অপেক্ষায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দান

দিনাজপুর প্রতিনিধি: রাত পোহালেই অনুষ্ঠিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার জামাত। এ উপলক্ষে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রতিবছরের মতো এবারও লাখো মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিচু স্থানে বালু ভরাট, চুন দিয়ে কাতারের লাইন টানা, প্রবেশপথ নির্মাণ, ওয়াচ টাওয়ার স্থাপন এবং সাজসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

মাঠ প্রস্তুতের দায়িত্বে থাকা এক কর্মী জানান, দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের জন্য ওজু ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া চুন দিয়ে লাইন টানা, গর্তে বালু ভরাট এবং মাইক স্থাপনের কাজও প্রায় সম্পন্ন হয়েছে।

আরেক কর্মী বলেন, মাঠে ১৭টি প্রবেশ গেট ও দুটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। পাশাপাশি পুলিশ ও প্রশাসনের জন্য কন্ট্রোল রুমও প্রস্তুত করা হয়েছে। আজকের মধ্যেই সব কাজ শেষ হবে বলে আশা করছেন তারা।

গত কয়েকদিন ধরে দিনাজপুরে দফায় দফায় বৃষ্টিপাত হওয়ায় ঈদের জামাত নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে মুসল্লিদের মধ্যে। ঈদগাহ মাঠ দেখতে আসা আল-আমিন নামে এক মুসল্লি বলেন, ছোটবেলা থেকেই তিনি বড় ময়দানে ঈদের নামাজ আদায় করে আসছেন। বৈরী আবহাওয়ার কারণে কিছুটা শঙ্কা থাকলেও অনুকূল আবহাওয়ার প্রত্যাশা করছেন তিনি।

তবে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য বৈরী আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বাড়তি প্রস্তুতি নিয়েছে প্রশাসন। নিচু ও খালসংলগ্ন স্থানে বালু ফেলার পাশাপাশি মাঠে পলিথিন বিছানোর ব্যবস্থাও রাখা হয়েছে।

দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা বলেন, ঈদের জামাতকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া প্রবেশ গেটগুলোতে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তার জন্য দুটি ওয়াচ টাওয়ারও নির্মাণ করা হয়েছে।

জেলা প্রশাসক (ডিসি) রফিকুল ইসলাম বলেন, ঈদের দিন বৃষ্টি না হলে নির্বিঘ্নে জামাত অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টি হলেও যাতে সমস্যা না হয়, সে জন্য পর্যাপ্ত পলিথিনের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে মাঠে পলিথিন বিছিয়ে নামাজ আদায়ের ব্যবস্থা করা হবে। আর নামাজের সময় ভারী বৃষ্টি হলে বিকল্প হিসেবে পাশের বড় মসজিদে জামাত আয়োজন করা হবে।

সব প্রস্তুতি শেষে এখন শুধু অপেক্ষা লাখো মুসল্লির সমাগমের। আগামীকাল সকাল সাড়ে ৮টায় গোর-এ শহীদ বড় ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪