পঞ্চগড় প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্ব উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে সাত দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
সোমবার (২৫ মে) থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ শুরু হয়েছে। আগামী ১ জুন সকাল ৯টা থেকে পুনরায় কার্যক্রম চালু হবে।
রোববার (২৪ মে) রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী সাত দিনের জন্য বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আগামী ১ জুন থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস জানান, ঈদের ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা বন্দর ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি বন্দর এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি