শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ বাজার এলাকায় দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) রাতে পদ্মা নদীর তীরবর্তী মুলফৎগঞ্জ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাসেল বেপারি নামে এক ব্যক্তি পদ্মা নদীর তীরে একটি দোকানঘর নির্মাণের কাজ শুরু করলে এতে বাধা দেন স্থানীয় যুবদল নেতা রাজিব ছৈয়ালের সমর্থকরা। অন্যদিকে রাসেল বেপারির পক্ষে অবস্থান নেন কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাব্বি ঢালী। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
একপর্যায়ে শুক্রবার রাতে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। কয়েক দফা সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, একটি চটপটির দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।