| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হেলপারের দুঃসাহসিক আত্মত্যাগে বাঁচল অর্ধশতাধিক প্রান

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৬ ইং | ০৬:৪৯:৩৩:পূর্বাহ্ন  |  ১১৫৫ বার পঠিত
হেলপারের দুঃসাহসিক আত্মত্যাগে বাঁচল অর্ধশতাধিক প্রান

মুন্সিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় ব্রেক ফেল করা একটি যাত্রীবাহী বাস থামানোর চেষ্টা করতে গিয়ে দুলাল (২৫) নামে এক বাস হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে তার আত্মত্যাগে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা। তিনি ‘আহসান পরিবহন’-এর একটি ঢাকাগামী দূরপাল্লার বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বাসটি ভুরুঙ্গামারী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে এসে পদ্মা সেতু অতিক্রম করার পর ধলেশ্বরী টোল প্লাজার কাছে পৌঁছালে হঠাৎ ব্রেক বিকল হয়ে যায়। চালক বাস নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা সম্ভব হচ্ছিল না।

এ অবস্থায় টোল প্লাজার ব্যারিয়ারে ধাক্কা এড়াতে হেলপার দুলাল দ্রুত বাস থেকে নেমে পেছনের চাকার নিচে কাঠ বা ভারী কিছু দিয়ে গাড়িটি থামানোর চেষ্টা করেন। কিন্তু নিয়ন্ত্রণহীন বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস জানায়, দুলালের সাহসী পদক্ষেপের ফলে বাসটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এবং বাসে থাকা কোনো যাত্রী হতাহত হননি।

দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য ধলেশ্বরী টোল প্লাজায় টোল আদায় বন্ধ রাখা হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪