| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৬ ইং | ২১:৫১:২৭:অপরাহ্ন  |  ৮৯৯ বার পঠিত
চাঁদপুরে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাইমচর উপজেলা-এ এজমালি পুকুরের ঘাটলা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির একপর্যায়ে চোখেমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ওমর ফারুক (২২) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্তরা বাড়ি থেকে পালিয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক উপজেলার উত্তর চরভাঙ্গা (ঢালী বাড়ি) গ্রামের খালেক ঢালীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওমর ফারুক ছোট লক্ষ্মীপুর গ্রামে তার নানা হাসমত উল্যাহ মৃধার বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে হাসমত উল্যাহর পরিবারের সঙ্গে একই বাড়ির প্রতিপক্ষ কুদ্দুস মৃধা (৩০), বিল্লাল মৃধা (২৫), হাসান মৃধা (২৮) ও হাবিব মৃধা (২১)সহ কয়েকজনের এজমালি পুকুরের ঘাটলা নির্মাণ নিয়ে বাকবিতণ্ডা ও ঝগড়ার সৃষ্টি হয়।

ঝগড়ার একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন বৃদ্ধ হাসমত উল্যাহকে মারধর করতে উদ্যত হলে নাতি ওমর ফারুক ঝগড়া থামাতে এবং বিরোধ মীমাংসা করতে এগিয়ে যান। এ সময় বিবাদীপক্ষের লোকজন হঠাৎ ওমর ফারুক ও তার নানার পরিবারের সদস্যদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। মরিচের গুঁড়ার তীব্রতায় তারা দিশেহারা হয়ে পড়লে প্রতিপক্ষের একজন ধারালো দা দিয়ে ওমর ফারুকের গলায় কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় ওমর ফারুককে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর হাইমচর থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত হাবিবসহ ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪