ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতে দীর্ঘমেয়াদি ভিসায় অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য ভিসানীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী, ১৮০ দিনের ভিসায় ভারতে অবস্থান করা কোনো বিদেশি যদি নির্ধারিত সময়ের বেশি থাকতে চান, তাহলে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
এর আগে প্রচলিত নিয়মে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ১৪ দিনের মধ্যে নিবন্ধনের সুযোগ ছিল। তবে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই সুযোগ বাতিল করা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’-এর একটি ধারা সংশোধন করে এই নতুন নিয়ম কার্যকর করেছে। সংশোধিত নিয়মে বলা হয়েছে, যেসব বিদেশির ভিসার মেয়াদ ১৮০ দিনের বেশি হলেও একটানা অবস্থানের সীমা ১৮০ দিন নির্ধারিত, তাদের অবশ্যই ওই সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন করতে হবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিবর্তনের উদ্দেশ্য হলো দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের ওপর নজরদারি আরও শক্তিশালী করা এবং অভিবাসন ব্যবস্থাপনা আধুনিক ও কার্যকর করা।
এছাড়া বিশেষ জরুরি পরিস্থিতি ছাড়া নির্ধারিত সময়ের বেশি অবস্থানের অনুমতি দেওয়া হবে না বলেও জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নতুন নিয়মে বিদেশি নাগরিকদের সন্তানদের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে। যদি বাবা-মায়ের একজন ভারতীয় নাগরিক হন এবং সন্তানকে ভারতীয় নাগরিক হিসেবে রাখতে চান, তাহলে জন্মের পরপরই কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক নয়। তবে পরবর্তীতে ওই সন্তান অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে ৩০ দিনের মধ্যে তা জানাতে হবে।
একইসঙ্গে হাসপাতাল, নার্সিং হোম ও দীর্ঘমেয়াদি চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য তথ্য প্রদান ও রিপোর্টিং ব্যবস্থাও আরও কঠোরভাবে হালনাগাদ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম