| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফুটবল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল দুই শিশুর

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৬ ইং | ২০:৫৭:১৪:অপরাহ্ন  |  ২৬৫ বার পঠিত
ফুটবল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল দুই শিশুর

রিপোর্টার্স ডেস্ক : শরীয়তপুরের ভেদরগঞ্জে ফুটবল তুলতে পুকুরে নেমে পানিতে ডুবে রিদম (৭) ও রিফাত (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের দক্ষিণ পাপরাইল এলাকায় এ ঘটনা ঘটে। একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দক্ষিণ পাপরাইল এলাকার নৈয়াব ফকিরের বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে এসেছিলেন রিফাত। দুপুরে বাড়ির পাশের খোলা জায়গায় ফুটবল খেলছিল রিদম ও রিফাত। খেলার একপর্যায়ে বলটি পাশের পুকুরে পড়ে গেলে দুই শিশু সেটি তুলতে পুকুরে নামে। একসময় তারা গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের মামাতো বোন রুমা আক্তার বলেন, সকাল থেকেই দুজনকে খুঁজে পাচ্ছিলাম না। পরে বাড়ির পাশের পুকুরে খুঁজতে গিয়ে তাদের উদ্ধার করি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪