আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পার্ক করে রাখা একটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজের নোজ-গিয়ার আকস্মিকভাবে ভেঙে পড়ে কয়েকজন কর্মী আহত হয়েছেন। বিমানটি পরিচালনাকারী সংস্থা লুফথানসা এ তথ্য নিশ্চিত করেছে।
লুফথানসার মুখপাত্র জানান, দুর্ঘটনার সময় উড়োজাহাজে কোনো যাত্রী ছিলেন না। তবে ক্রু সদস্য ও গ্রাউন্ড স্টাফরা বিমানের ভেতরে এবং আশপাশে কাজ করছিলেন। এতে কয়েকজন কর্মী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও রয়টার্সের এক আলোকচিত্রী জানান, ঘটনাস্থলে একাধিক জরুরি উদ্ধারকারী যানবাহন উপস্থিত ছিল এবং উড়োজাহাজটি রানওয়েতে আংশিকভাবে পেটের ওপর ভর দিয়ে পড়ে থাকতে দেখা যায়।
লুফথানসা জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। উড়োজাহাজটির এলএইচ৪৫০ ফ্লাইট হিসেবে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে উড্ডয়নের প্রস্তুতি চলছিল।
কোম্পানিটি আরও জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে তদন্ত চলছে।
লুফথানসা গ্রুপ বর্তমানে বোয়িং ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজ পরিচালনা করছে এবং আধুনিকায়নের অংশ হিসেবে ধীরে ধীরে পুরোনো ও কম সাশ্রয়ী বিমান বহর থেকে সরে আসার পরিকল্পনা নিয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি