| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় ১৩ দিনেই চার্জশিট

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৬ ইং | ০৭:২২:৩২:পূর্বাহ্ন  |  ২০৪ বার পঠিত
চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় ১৩ দিনেই চার্জশিট

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মাত্র ১৩ দিনের মাথায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ পরীক্ষা, সাক্ষ্য-প্রমাণ এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র জমা দেন। মামলার একমাত্র আসামি মনির হোসেন (৩০) বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘারঘাটা এলাকার বাসিন্দা এবং চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার মিয়াখাননগর এলাকায় বসবাস করতেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, তদন্ত দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ, চিকিৎসা সংক্রান্ত নথি, ডিএনএ রিপোর্ট ও অন্যান্য তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। জড়িত একমাত্র আসামির জবানবন্দি এবং অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত ২১ মে বিকেলে বাকলিয়া থানার নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুরমাঠ সংলগ্ন একটি গুদামকক্ষে চার বছরের শিশুটিকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তানভীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ এবং চিকিৎসা-সংক্রান্ত নথি সংগ্রহ করেন। একই সঙ্গে ভুক্তভোগী শিশু ও অভিযুক্তের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।

ঘটনার পরদিন অভিযুক্ত মনির হোসেনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত, চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট এবং জবানবন্দি পর্যালোচনা করে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলায় ১৩ জনকে সাক্ষী করা হয়েছে।

এদিকে অভিযুক্তকে গ্রেপ্তারের সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তাকে থানায় নেওয়ার প্রস্তুতিকালে একদল ব্যক্তি পুলিশের কাজে বাধা দেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হন। পাশাপাশি পুলিশবাহী কয়েকটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

এ ঘটনায় চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বাদী হয়ে পৃথক একটি মামলা দায়ের করেন। মামলায় ৫৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪