| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে ১৫ মসজিদে সিলগালা

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৬ ইং | ১৫:৪১:১৩:অপরাহ্ন  |  ১২৯০ বার পঠিত
ভারতে ১৫ মসজিদে সিলগালা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতের অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে ১৫টি মসজিদ স্থাপনায় সিলগালা করেছে রাজ্য প্রশাসন। অবৈধ বসতি স্থাপন ও জনসংখ্যাগত পরিবর্তন সংক্রান্ত স্থানীয় আদিবাসী সংগঠনগুলোর উদ্বেগের প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার (৫ জুন) ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করে।

রাজ্যের আদিবাসী সংগঠন অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইয়ুথ অর্গানাইজেশন (এপিআইওয়াইও) দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ধর্মীয় স্থাপনা ও কথিত অবৈধ দখলের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে। সংগঠনটি এক পর্যায়ে ২৪ ঘণ্টার রাজ্যব্যাপী বন্ধ কর্মসূচিও পালন করে এবং দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়।

রাজ্য সরকারের মুখপাত্র ও শিক্ষামন্ত্রী পি.ডি. সোনা জানান, বিষয়টি প্রথম সরকারের নজরে আসে চলতি বছরের জানুয়ারিতে মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর সঙ্গে এপিআইওয়াইও প্রতিনিধিদের বৈঠকের পর।

এরপর জেলা প্রশাসনকে প্রয়োজনীয় অনুমোদনবিহীন স্থাপনা চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়। সরকারি জরিপে রাজধানী কমপ্লেক্স এলাকায় ১৫টি অবৈধ মসজিদ স্থাপনা শনাক্ত করা হয় বলে জানানো হয়েছে।

তিনি আরও জানান, প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ১২টি স্থাপনায় প্রথমে ব্যবস্থা নেওয়া হয়। পরবর্তী সময়ে বাকি তিনটি স্থাপনার বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করা হয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেগুলো যথাযথ প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে রাজ্যটিতে অবৈধ অভিবাসন, জনসংখ্যাগত পরিবর্তন এবং আদিবাসী জনগোষ্ঠীর অধিকার নিয়ে নতুন করে বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে। সীমান্ত নিয়ন্ত্রণ ও জনসংখ্যা ব্যবস্থাপনার দুর্বলতা নিয়েও প্রশ্ন উঠছে।

এর আগে গত মে মাসে মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর আহ্বানে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে আদিবাসী সংগঠন, নাগরিক সমাজ, আইন বিশেষজ্ঞ ও রাজনৈতিক প্রতিনিধিরা অংশ নেন। সেখানে ইনার লাইন পারমিট (আইএলপি) ব্যবস্থার আরও কঠোর বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

রাজ্য প্রশাসন জানিয়েছে, আদিবাসী পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা তাদের অগ্রাধিকার, তবে সব পদক্ষেপই আইনের কাঠামোর মধ্যেই নেওয়া হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪