ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন থেকে ১২ পিস ইয়াবাসহ মো. আব্দুল জলিল (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বালিয়াডাঙ্গী মোড় সংলগ্ন পাইকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাব্বুল মিয়া (২৫) নামের আরেক সহযোগী কৌশলে পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) সুমন আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল পাইকপাড়া গ্রামের পটুয়া বাজার থেকে শিবগঞ্জগামী পাকা রাস্তার ওপর অভিযান চালায়। রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ওই স্থানে দুই ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে সংগীয় ফোর্সের সহায়তায় আব্দুল জলিলকে আটক করা হয়।
পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ধৃত আব্দুল জলিলের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত কালো রঙের গ্যাবার্ডিন প্যান্টের ডান পকেট থেকে একটি প্লাস্টিকের গুলের কৌটার ভেতর লুকানো ১২ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। ডিজিটাল পরিমাপক যন্ত্র দিয়ে মেপে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট ওজন ১.২ গ্রাম পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ৩ হাজার ৬০০ টাকা।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসামি স্বীকার করেছেন যে, তিনি এবং পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশ জানায়, এ ঘটনায় এসআই সুমন আহমেদ বাদী হয়ে গ্রেপ্তারকৃত আব্দুল জলিল ও পলাতক রাব্বুল মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-০৫/২৪০) দায়ের করেছেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মামলার এজাহারনামীয় পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও জারি থাকবে বলে তিনি উল্লেখ করেন।
রিপোর্টার্স/এসএন