| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁও সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ১৭:১০:০৭:অপরাহ্ন  |  ২৯৮ বার পঠিত
ঠাকুরগাঁও সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ১১ জনকে বাংলাদেশে পুশইনের একটি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ । 

শুক্রবার (৫ জুন) ভোররাতে সীমান্ত পিলার ৩৪৯/৭-এস সংলগ্ন মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ১১ জন ভারতের অভ্যন্তরে শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্তে দায়িত্ব পালনরত টহল দল হঠাৎ করেই সীমান্তের ওই অংশে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। সেখানে তারা দেখতে পায়, বহরগাঁও ক্যাম্পের দিক থেকে কয়েকজন নারী, পুরুষ ও শিশুসহ মোট ১১ জনকে সীমান্তের দিকে আনা হচ্ছে। টহল দল তাৎক্ষণিকভাবে অবস্থান নিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।

বিজিবির উপস্থিতির কারণে ওই ১১ জনকে সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে থামিয়ে রাখা হয়। তারা বর্তমানে শূন্যরেখা থেকে আনুমানিক ৫০ গজ ভেতরে অবস্থান করছে বলে জানা গেছে। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাবি করেন, তারা ভারতের পশ্চিমবঙ্গের দমদম এলাকায় বসবাস করতেন। গত ২৬ মে তাদেরকে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী একটি নির্দিষ্ট স্থানে নিয়ে রাখা হয় বলে জানান তারা। সেখানে আরও কয়েকশ মানুষ ছিল বলেও তারা দাবি করেন। পরে কয়েকদিন পর তাদের বিভিন্ন দলে ভাগ করে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হয় বলে জানান তারা।

বিজিবি সূত্র আরও জানায়, ভোররাতে বহরগাঁও বিএসএফ ক্যাম্প থেকে তাদের সীমান্তের দিকে আনা হয় এবং শূন্যরেখার কাছাকাছি পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় বিজিবির টহল দল দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং অতিরিক্ত জনবল মোতায়েন করে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলছে।

তিনি আরও জানান, রাতের অন্ধকারে সীমান্তের তারকাঁটার কাছে আলো নিভিয়ে কিছু ব্যক্তিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিজিবির দ্রুত ও সতর্ক অবস্থানের কারণে তা সফল হয়নি।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪