| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরে দাঁড়ালেন ট্রাভিস হেড, প্রথম ওয়ানডেতে থাকছেন না মিচেল মার্শও

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ২২:৫১:২১:অপরাহ্ন  |  ৩৯১৮৮৫ বার পঠিত
সরে দাঁড়ালেন ট্রাভিস হেড, প্রথম ওয়ানডেতে থাকছেন না মিচেল মার্শও

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ১৫ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দেশের ক্রিকেটাঙ্গনে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন ঘিরে উত্তাপ চলছে, তখন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের প্রস্তুতি।

স্টেডিয়ামে পৌঁছে প্রথমেই উইকেট পরিদর্শন করেন অস্ট্রেলিয়ার কোচিং স্টাফ। এতে ছিলেন হেড কোচ, সহকারী কোচ জেভিয়ার বার্টলেট এবং উইকেটকিপার অ্যালেক্স ক্যারি। পরে তারা বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিংয়ের সঙ্গে উইকেটের চরিত্র ও কন্ডিশন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আসন্ন সিরিজে উইকেট কেমন আচরণ করবে এবং কন্ডিশনের প্রভাব কতটা পড়বে—এ নিয়েই মূলত আলোচনা কেন্দ্রীভূত হয়।

সাম্প্রতিক সময়ে ওয়ানডে ফরম্যাটে ধারাবাহিকতা হারানো অস্ট্রেলিয়া পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারার পর আরও কিছু ধাক্কা খেয়েছে। এরই মধ্যে ব্যক্তিগত কারণে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন হার্ডহিটার ব্যাটার ট্রাভিস হেড। প্রথম ওয়ানডেতে অধিনায়ক মিচেল মার্শকেও পাচ্ছে না সফরকারীরা।

অন্যদিকে ঘরের মাঠে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না। ঢাকার গরম ও আর্দ্র পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এবং বাংলাদেশের শক্তিশালী স্পিন আক্রমণ মোকাবিলা করাই এখন অজিদের প্রধান চ্যালেঞ্জ।

প্রথম দিনের অনুশীলনে তাই স্পিন মোকাবিলায় বিশেষ গুরুত্ব দেয় অস্ট্রেলিয়া শিবির। কুপার কনোলি, বেন ডারশুইস, মার্নাস লাবুশেন ও জশ ইংলিশসহ ব্যাটাররা দীর্ঘ সময় স্পিনের বিপক্ষে অনুশীলন করেন। এমনকি পেসার ক্যামেরন গ্রিনও স্পিন বোলিং অনুশীলন করেন। প্রায় আড়াই ঘণ্টার এই সেশন ছিল মূলত স্পিন প্রস্তুতিনির্ভর।

অন্যদিকে বাংলাদেশ দলও ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করে নিজেদের প্রস্তুতি শুরু করেছে। তবে দুই দলের প্রস্তুতির ফোকাসে রয়েছে ভিন্নতা—অস্ট্রেলিয়া যেখানে স্পিন সামলানোর ওপর জোর দিচ্ছে, বাংলাদেশ সেখানে পেস আক্রমণ নিয়ে কাজ করছে।

পেস বোলিং কোচ হিসেবে এবার দায়িত্ব পালন করছেন তালহা জুবায়ের। শন টেইটের বিদায়ের পর এই দায়িত্বে নতুন অধ্যায় শুরু হয়েছে।

প্রধান কোচ ফিল সিমন্স দলের সঙ্গে থাকলেও অনুশীলন তদারকিতে ছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। পাকিস্তান সিরিজের পর অস্ট্রেলিয়া সিরিজেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

টানা তিনটি ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ বর্তমানে আইসিসি র‍্যাঙ্কিংয়ের নবম স্থানে অবস্থান করছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেলে ইংল্যান্ডকে টপকে আরও একধাপ এগোনোর সুযোগও তৈরি হতে পারে টাইগারদের সামনে।

সব মিলিয়ে মিরপুরের এই সিরিজেই নির্ধারণ হবে দুই দলের শক্তি-সামর্থ্যের প্রকৃত পার্থক্য।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪