| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৪

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ১১:১৯:০৭:পূর্বাহ্ন  |  ১৫১৬৫ বার পঠিত
দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৪

রিপোর্টার্স২৪ ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের সঙ্গে মুরগিবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোরে উপজেলার সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে মহাসড়কের পাশে একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সখীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আল মামুন জানান, ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ সখীপুর থানায় রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিবারের সদস্যরা এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪