স্পোর্টস ডেস্ক: মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টপ অর্ডারের ব্যাটিং ধসের মুখে পড়েছে বাংলাদেশ।
২০১১ সালের পর প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হওয়া বাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার সাইফ হাসান আউট হয়ে ফিরে যান। তিনি ৫ বলে ৫ রান করে বিদায় নেন। এরপর আরেক ওপেনার তানজিদ তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিলে ইনিংস সামলানোর চেষ্টা করেন।
দুজনের ব্যাটে দ্বিতীয় উইকেটে ৯১ বলে ৯৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ওঠে। ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে বাংলাদেশও। দলীয় রান একশো ছাড়িয়ে যায় এই জুটির ওপর ভর করে।
তবে তানজিদ তামিম আউট হওয়ার পর ম্যাচের চিত্র বদলে যেতে শুরু করে। এরপর ফর্মে থাকা লিটন দাসও বেশি সময় টিকতে পারেননি। দ্রুত পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
শেষদিকে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ফিরে গেলে ব্যাটিং লাইনআপে ধস নামে স্বাগতিকদের। মুহূর্তের মধ্যেই টপ অর্ডার ভেঙে পড়ে।
প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৫৫ রান।
ইনিংসের শুরুতে নাথান এলিসের প্রথম বলেই চার হাঁকিয়ে আক্রমণাত্মক সূচনা করেন সাইফ। তবে পরের বলেই এজ হয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।
অন্যদিকে শান্ত শুরুতেই আউট হতে পারতেন, তবে অজি ফিল্ডারের হাত থেকে ক্যাচ ফসকে যাওয়ায় বেঁচে যান তিনি। এরপর তামিম ও শান্ত কিছু সময় ধরে দেখে-শুনে খেললেও পরে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে চাপ সামলাতে পারেননি তারা।
রিপোর্টার্স২৪/ঝুম