| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উচ্চশিক্ষা সংস্কার এবং শিক্ষাক্রম পর্যালোচনার বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও পর্যালোচনা চলছে

বাতিল হচ্ছে বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স?

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ১৩:৫১:৩৭:অপরাহ্ন  |  ১৩৯৫৭ বার পঠিত
বাতিল হচ্ছে বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স?

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের উচ্চশিক্ষাকে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করার লক্ষ্যে শিক্ষা কাঠামোতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন খসড়া মডেল অনুযায়ী বাংলা, ইতিহাস, দর্শনসহ প্রায় ছয়টি বিষয়ে অনার্স কোর্স বাতিল বা পুনর্বিন্যাস করার আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রস্তাবিত পরিকল্পনায় এসব বিষয়কে অন্যান্য সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সঙ্গে সমন্বয় করার কথা বলা হচ্ছে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার পরিসর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন শিক্ষাক্রম কাঠামোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি, আউটসোর্সিংসহ আধুনিক প্রযুক্তিনির্ভর বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কলেজ পর্যায়েই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চালু, ক্যারিয়ার সেন্টার স্থাপন এবং শিক্ষার্থীদের জন্য সাতটি বিদেশি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও পর্যালোচনা চলছে। সকল অংশীজনের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, সরকার সনদনির্ভর শিক্ষা থেকে বের হয়ে দক্ষতা ও কর্মমুখী মানবসম্পদ তৈরির দিকে গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে যেখানে শিক্ষার্থীরা শুধু ডিগ্রি নয়, বাস্তব দক্ষতা নিয়েই কর্মজীবনে প্রবেশ করতে পারবে।

শিক্ষাবিদদের মতে, দেশের প্রচলিত উচ্চশিক্ষা কাঠামো অনেক ক্ষেত্রে শ্রমবাজারের সঙ্গে সংযোগহীন হয়ে পড়েছে। ফলে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। বিশেষ করে উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘ সময়সূচি কমানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। এতে শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ সময় ধরে পাঠদান ব্যাহত হওয়া এবং শিক্ষার্থীদের মানসিক চাপ কমানোর লক্ষ্য রয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ইতোমধ্যে এ বিষয়ে প্রাথমিক কর্মপরিকল্পনা তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

নতুন পরিকল্পনায় ২০২৮ সাল থেকে ধাপে ধাপে বড় পরিবর্তনের কথা বলা হয়েছে। চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া ও সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বিষয় যুক্ত করার প্রস্তাব রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও পৃথকভাবে উচ্চশিক্ষাকে দক্ষতা ও কর্মসংস্থানমুখী করার লক্ষ্যে বড় সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে বলে জানা গেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪