রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্বাচনের আগে এক ধরনের অবস্থান দেখালেও নির্বাচনের পর ভিন্ন চিত্র দেখা যায় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান লেখেন, আগে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছিল তারা ক্ষমতায় গেলে সরকারি গাড়ি, বাড়ি বা অফিসের সুবিধা নেবে না। কিন্তু পরে সংসদে প্রবেশের পর তাদের এসব সুবিধার প্রয়োজন দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, সংসদে প্রবেশের পর তারা গাড়ি, পরে অফিসসহ নানা সুবিধা চেয়েছে। যা তাদের আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।
সংরক্ষিত নারী আসনের এক সংসদ সদস্যকে নিয়ে মন্তব্য করতে গিয়ে রাশেদ খান বলেন, ওই সংসদ সদস্য আগে বিভিন্ন টকশোতে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে অংশ নিতেন এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন।
তিনি প্রশ্ন তোলেন, এতদিন তিনি কোথায় থেকে শিক্ষকতা ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করেছেন, তা নিয়ে।
রাশেদ খান আরও দাবি করেন, ওই সংসদ সদস্য একসময় স্বীকার করেছিলেন যে তিনি কোনো রাজনৈতিক দলের পদে নেই, বরং একজন সমর্থক হিসেবে যুক্ত।
তার ভাষ্য অনুযায়ী, ওই আলোচনায় শরিয়া আইন প্রসঙ্গেও মন্তব্য উঠে আসে, যা নিয়ে তিনি সমালোচনামূলক বক্তব্য দেন।
শেষে রাশেদ খান বলেন, নির্বাচনের আগে যেসব রাজনৈতিক অবস্থান নেওয়া হয়, বাস্তবে ক্ষমতা বা সংসদে যাওয়ার পর সেগুলোর পরিবর্তন দেখা যায়—এটাই বর্তমান রাজনৈতিক বাস্তবতা।
রিপোর্টার্স২৪/ঝুম