সিনিয়র রিপোর্টার : বিদ্যালয়ের স্নাতক পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বন্ধ বা বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার বিষয়ে কোথাও কোনো আলোচনা হয়নি। এমনকি শিক্ষা মন্ত্রণালয়েও এ ধরনের কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি।
তিনি বলেন, বাংলা দেশের মাতৃভাষা। তাই এ বিষয়টি বাদ দেওয়ার প্রশ্নই আসে না। কোথা থেকে এমন সংবাদ এসেছে, সেটি তার জানা নেই বলেও উল্লেখ করেন তিনি।
সম্প্রতি বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, শিক্ষা মন্ত্রণালয়ের নতুন খসড়া মডেলের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বাংলা, ইতিহাস ও দর্শনসহ কয়েকটি বিষয়ের অনার্স কোর্স বাতিল করা হতে পারে।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে এবং কারিগরি শিক্ষার প্রসারে গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে শ্রমবাজারের চাহিদা অনুযায়ী নতুন নতুন বিষয় ও কোর্স চালুর বিষয়ে নিয়মিত আলোচনা চলছে।
তিনি বলেন, বাজারের চাহিদার ভিত্তিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা স্তরে নতুন কোর্স চালু করা হচ্ছে। তবে এর সঙ্গে বাংলা, ইতিহাস বা দর্শন বিভাগের কোনো সম্পর্ক নেই। এসব বিষয় বাদ দেওয়া বা বন্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, শিল্পখাত ও একাডেমিয়ার মধ্যে সম্পর্ক জোরদার করা এবং কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করতেই বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। তবে কোনো বিভাগ কমানো বা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়নি।
শিক্ষক সংকট প্রসঙ্গে তিনি জানান, সরকার নিয়মিত নিয়োগ কার্যক্রমের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে জনবল ঘাটতি পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে স্পষ্ট করে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধের বিষয়ে সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেই।
রিপোর্টার্স২৪/এসসি