মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬ দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল ভাটবাউর এলাকার মুন্নু মিয়ার ছেলে। মুন্নু মিয়া স্থানীয় তাসনুভা ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ব্রাজিল ফুটবল দলের সমর্থক ফয়সাল তাসনুভা ফিলিং স্টেশনের সামনে একটি আমগাছে ব্রাজিলের পতাকা টাঙানোর জন্য ওঠেন। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন এশিয়া পোস্টকে বলেন, ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সালের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/ মিতু