স্টাফ রিপোর্টার: চিকিৎসকদের নিয়ে সাংবাদিক ও ইউটিউবার মাসুদ কামালের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তারা বলেন, গত ৭ জুন একটি টকশোতে চিকিৎসক সমাজ সম্পর্কে মাসুদ কামালের মন্তব্য ‘চরম অবমাননাকর’ এবং এটি দেশের চিকিৎসকদের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যখাতের বিভিন্ন অসঙ্গতির দায় এককভাবে চিকিৎসকদের ওপর চাপিয়ে দিয়ে চিকিৎসক সমাজকে জনমতের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে।
ড্যাব নেতারা অভিযোগ করেন, দেশের চিকিৎসক সমাজের বিরুদ্ধে একটি ‘দেশবিরোধী গোষ্ঠী’ পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। তারা বলেন, চিকিৎসকরা কঠোর পরিশ্রম, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে পেশাগত স্বীকৃতি অর্জন করেন। তাই চিকিৎসকদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ ও অপমানজনক মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
যৌথ বিবৃতিতে বলা হয়, একটি ইউটিউবভিত্তিক অনুষ্ঠানে আদ-দ্বীন হাসপাতালে একটি শিশু মৃত্যুর তদন্তাধীন ঘটনা নিয়ে আলোচনার সময় প্রসঙ্গের বাইরে গিয়ে মাসুদ কামাল চিকিৎসক সমাজ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ড্যাব নেতারা অবিলম্বে জনসম্মুখে চিকিৎসকদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের বক্তব্য ও চিকিৎসকদের বিরুদ্ধে ‘মিথ্যা অপপ্রচার’ বন্ধ না হলে চিকিৎসক সমাজের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, কিছু ব্যক্তি ও গোষ্ঠী দেশের স্বাস্থ্যব্যবস্থাকে দুর্বল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে এবং তারা রোগীদের বিদেশমুখী করতে নানা ধরনের নেতিবাচক প্রচারণা চালাচ্ছে।
ড্যাব নেতারা বলেন, বিদ্বেষমূলক বক্তব্য প্রত্যাহার করে চিকিৎসক সমাজের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। একই সঙ্গে তারা চিকিৎসক সমাজ ও সাধারণ জনগণকে ‘হলুদ সাংবাদিকতা’ বয়কটের আহ্বান জানান।
বিবৃতিতে ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেলের স্বাক্ষর রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি