নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে একটি ছাগল চুরি করে অটোরিকশাযোগে পালানোর সময় স্থানীয় জনতার তৎপরতায় স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ছাগল ও ব্যবহৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন— নওগাঁ সদর উপজেলার রজাকপুর গ্রামের লটু কসাইয়ের ছেলে সাগর ইসলাম (২৪), পারনওগাঁ গ্রামের হারুনুর রশিদের ছেলে শহীদ হোসেন (৩৮) এবং তার স্ত্রী জেসমিন আক্তার (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর গ্রামের আনোয়ার হোসেনের প্রায় ১৫ হাজার টাকা মূল্যের একটি ছাগল চুরি করে একটি চক্র। পরে অটোচার্জারচালিত রিকশা (টমটম) যোগে ছাগিটি বিলাসবাড়ী ইউনিয়নের বারাতৈল গ্রামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।
পথিমধ্যে স্থানীয়দের সন্দেহ হলে তারা অটোরিকশাটি থামিয়ে ছাগলটির বিষয়ে জানতে চান। এ সময় তিনজনের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের আটক করে ছাগিসহ বালুভরা ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন বিষয়টি বদলগাছী থানাকে অবহিত করেন।
ছাগিটির মালিক আনোয়ার হোসেনের স্ত্রী নাজমা বেগম বলেন, ছাগিটি বাড়ির পাশে বাঁধা ছিল। হঠাৎ শাশুড়ির চিৎকার শুনে বাইরে বের হয়ে জানতে পারেন, ছাগিটি চুরি হয়ে গেছে।
আনোয়ার হোসেনের মা জানান, একজন যুবক রাস্তার পাশে একটি বড়ই গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন এবং আরেক ব্যক্তি অটোরিকশা রেখে আশপাশে ঘোরাফেরা করছিলেন। পরে এক ব্যক্তি বাড়ির পাশে বাঁধা ছাগলটির দড়ি খুলে অটোরিকশায় তুলতে গেলে তিনি চিৎকার শুরু করেন। এ সময় অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তার চিৎকার শুনে দুই মোটরসাইকেল আরোহী বিষয়টি জানতে পেরে অটোরিকশাটির পিছু ধাওয়া করেন। পরে বারাতৈল গ্রাম থেকে ছাগিসহ তিনজনকে আটক করে স্থানীয়দের হাতে তুলে দেওয়া হয়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ছাগল চুরির ঘটনায় তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।