মেলান্দহ প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারসহ এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া।
মঙ্গলবার (৯ জুন) বিকালে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের রায়েরবাকাই এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুকুরে ডুবে নিহত দুই শিশু হলো ওই এলাকার মো. রফিক মিয়ার ছেলে নাফি (৭) এবং একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে মো. রিফাত (৯)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলি। মৃত্যু সম্পর্কে তাদের কোনো সন্দেহ না থাকায় তারা পুলিশের কাছে মরদেহ হস্তান্তরের আবেদন করেন। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে পাড়ার ছেলেদের সঙ্গে নাফি ও রিফাত খেলতে যায়। বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে তারা দুজন নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় স্বজনরা নিখোঁজ দুই শিশুকে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১০টার দিকে নাফি ও রিফাত দুজনকেই পানিতে ভাসতে দেখা যায়। পরে তাদের পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
রিপোর্টার্স২৪/এসএন