টাঙ্গাইল প্রতিনিধি: ফিফা আয়োজিত বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা এখন বিশ্বজুড়ে। সেই উন্মাদনার ছোঁয়া এবার লেগেছে টাঙ্গাইল জেলা কারাগারেও। কারাবন্দীদের বিশ্বকাপ ফুটবলের আনন্দ উপভোগের সুযোগ করে দিতে ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক।
কারাগার সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফুটবলের আমেজ থেকে বন্দীরা যাতে বঞ্চিত না হন, সেজন্য টাঙ্গাইল জেলা কারাগারের ১৮টি ওয়ার্ডে নতুন টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে বন্দীরা সরাসরি বিশ্বকাপের ম্যাচ উপভোগ করার সুযোগ পাচ্ছেন।
জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক জানান, নিয়মিত কারাগার পরিদর্শনের সময় কারাবন্দীরা তার কাছে বিশ্বকাপ ফুটবল দেখার আগ্রহ প্রকাশ করেন। একজন স্বাভাবিক মানুষের মতো কারাবন্দীদেরও খেলাধুলার আনন্দ উপভোগের অধিকার রয়েছে। সেই মানবিক বিবেচনা থেকেই দ্রুত কারাগারে টেলিভিশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।
টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন বলেন, টেলিভিশন চালুর পর বন্দীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করতে তারা আগ্রহ নিয়ে টিভির সামনে জড়ো হচ্ছেন।
তিনি আরও জানান, এই উদ্যোগ বন্দীদের মানসিক প্রশান্তি বাড়ানোর পাশাপাশি কারাগারের অভ্যন্তরীণ পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতেও ইতিবাচক ভূমিকা রাখছে।
রিপোর্টার্স২৪/এসএন