| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসিনার জমি দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ১৬:২৩:০৮:অপরাহ্ন  |  ২৩৬ বার পঠিত
হাসিনার জমি দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে হাসিনা বেগম নামে এক গৃহবধূর জমি দখল, নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। একই সঙ্গে স্থানীয় আরও কয়েকজনের জমি ও পুকুর দখল, নির্যাতন এবং প্রভাব খাটানোর অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার গাহলী বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডল রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি দখল, ফসল নষ্ট, পুকুরের মাছ লুটপাটসহ বিভিন্ন ধরনের হয়রানি ও নির্যাতন চালিয়ে আসছেন। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও থানায় একাধিক অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে দাবি করেন তারা।

ভুক্তভোগী হাসিনা বেগম অভিযোগ করে বলেন, তার বসতবাড়ি ভেঙে দিয়ে একাধিকবার উচ্ছেদের চেষ্টা করা হয়েছে এবং এখনো তা অব্যাহত রয়েছে। এছাড়া তাকে দেশ ছাড়ার হুমকিও দেওয়া হয়েছে। তিনি বলেন, থানায় অভিযোগ করতে গেলেও তা গ্রহণ করা হয়নি। এমনকি জেলা পর্যায়ের নেতাদের কাছেও অভিযোগ জানিয়ে কোনো প্রতিকার পাননি। তার দাবি, আব্দুল মতিন মণ্ডল কাউকেই তোয়াক্কা করেন না এবং নিজস্ব বাহিনী দিয়ে তাকে এলাকা থেকে উচ্ছেদের চেষ্টা করছেন।

অপর ভুক্তভোগী পরিতোষ মণ্ডল বলেন, সরকার পরিবর্তনের পর আব্দুল মতিন মণ্ডলের অনিয়ম ও প্রভাব বিস্তার আরও বেড়েছে। তিনি অভিযোগ করেন, পারিবারিক সম্পত্তি বিরোধ নিষ্পত্তির নামে তার কাছে দুই লাখ টাকা দাবি করা হয়েছে।

মানববন্ধন থেকে ভুক্তভোগীরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর হস্তক্ষেপ কামনা করেন।

তবে অভিযোগের বিষয়ে মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের বক্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মানববন্ধনে হাসিনা বেগমসহ একাধিক ভুক্তভোগী, তাদের পরিবারের সদস্য এবং শতাধিক এলাকাবাসী অংশ নেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪