| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে কচুক্ষেতে পড়ে কৃষকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ১৯:১২:২৬:অপরাহ্ন  |  ৩১৩ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে কচুক্ষেতে পড়ে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় কচুক্ষেতে ঘাস নিড়ানোর সময় মৃগী রোগে আক্রান্ত হয়ে সুধীর রায় (২৬) নামে এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গড়েয়া ইউনিয়নের চক হলদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুধীর রায় ওই গ্রামের আজিন্দ্র রায়ের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

পারিবারিক ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, সুধীর রায় ২০২২ সাল থেকে মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং প্রায়ই তাঁর হাত-পা কোঁকড়া হয়ে খিঁচুনি উঠত। বৃহস্পতিবার সকালে খাওয়া-দাওয়া শেষে তিনি বাড়ির পাশে একটি কচুক্ষেতে ঘাস নিড়াতে যান। দুপুর আনুমানিক ২টার দিকে ক্ষেতে কাজ করার সময় হঠাৎ রোগাক্রান্ত হয়ে তিনি কাদার মধ্যে উপুড় হয়ে পড়ে যান। দূর থেকে তাঁর কাকা জগিন (৪৫) বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করে ছুটে আসেন। তবে ততক্ষণে কাদার মধ্যে শ্বাসরোধ হয়ে সুধীরের মৃত্যু হয়।

নিহতের বড় ভাই শ্রী অনিত্য বলেন, আমার ছোট ভাই দীর্ঘদিন ধরে এ রোগে ভুগছিল। আমরা সাধ্যমতো তাঁর চিকিৎসাও করিয়েছি। মাঠে কাজ করার সময় হঠাৎ রোগটি ওঠায় কাদার মধ্যে দম বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এটি একটি নিছক দুর্ঘটনা। এ মৃত্যু নিয়ে আমাদের বা পরিবারের কারও কোনো সন্দেহ বা অভিযোগ নেই।”

ঘটনার পর স্থানীয় গড়েয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বেলাল হোসেনসহ পরিবারের সদস্যরা ঠাকুরগাঁও সদর থানায় উপস্থিত হয়ে লিখিতভাবে মৃত্যুর বিষয়টি অবহিত করেন।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা (নং-৪৬/২৬, তারিখ: ০৯/০৬/২০২৬) রেকর্ড করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিষয়টি তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪