স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলই বহাল রাখা হয়েছে শেষ ম্যাচেও।
প্রথম দুই ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ২০০৫ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে জয়হীন ছিল টাইগাররা। দীর্ঘ ২১ বছর পর এবার টানা দুই ম্যাচ জিতে নতুন ইতিহাস গড়েছে স্বাগতিকরা।
স্কোয়াডে সবচেয়ে বড় চমক ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। প্রথম ওয়ানডেতে ম্যাচজয়ী পারফরম্যান্স উপহার দিয়ে নির্বাচকদের আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি।
স্মরণীয় দুই জয়ের পর এবার সিরিজে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে ১৪ জুন তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে মেহেদী হাসান মিরাজের দল।
বাংলাদেশের তৃতীয় ওয়ানডের স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
অস্ট্রেলিয়ার স্কোয়াড
জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস (অধিনায়ক), ম্যাট কুহনেম্যান, মারনাস লাবুশেন, টড মারফি, অলি পিক, ম্যাট রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।
রিপোর্টার্স২৪/বাবি