নাটোর প্রতিনিধি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেধাবী ও গতিশীল নেতৃত্বে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব। তিনি দেশ ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শুক্রবার দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে হতদরিদ্রদের মাঝে সাবমার্সিবল পাম্প, কৃষকদের মধ্যে স্প্রে মেশিন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের জন্য কর্মসহায়ক উপকরণ ও বৃত্তি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছে। তিনি অভিভাবকদের সন্তানদের নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানোর পাশাপাশি খেলাধুলা এবং সাহিত্য-সংস্কৃতির চর্চায় উৎসাহিত করার আহ্বান জানান।
তিনি বলেন, মাদক ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হতে হবে।
ফারজানা শারমীন বলেন, দেশের কোনো শ্রেণি-পেশার মানুষ আর অবহেলিত থাকবে না। নতুন অর্থবছরের বাজেট জনবান্ধব এবং এটি দেশকে আরও স্বনির্ভর করে তুলতে সহায়ক হবে। আগামী অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এছাড়া বিভিন্ন ভাতার পরিধি বৃদ্ধি এবং দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে এক লাখ টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। বিচারহীনতার সংস্কৃতি দূর করে ন্যায়বিচার নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। গ্রাম আদালত ও জেলা পর্যায়ের লিগ্যাল এইড কমিটির মাধ্যমে দ্রুত ও বিনামূল্যে বিরোধ নিষ্পত্তি এবং মামলা পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রশীদ চৌধুরী এবং বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র মো. মোশাররফ হোসেনসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
এর আগে প্রতিমন্ত্রী উপজেলা খাদ্যগুদামে চলতি মৌসুমের বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া বাগাতিপাড়া জিমনেশিয়ামে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং কর্মসূচির উদ্বোধন করেন। পরে লালপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে চাল, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করেন।
রিপোর্টার্স২৪/বাবি