| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক চিকিৎসা দেবেন স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৬ ইং | ২০:৩৬:৫৭:অপরাহ্ন  |  ৫৪৯৫ বার পঠিত
বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক চিকিৎসা দেবেন স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। খুব শিগগিরই পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা চালু করা হবে, যার আওতায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করবেন।

শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যকর্মীরা প্রতিটি ঘরে গিয়ে রোগীদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করবেন। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তবেই রোগীদের হাসপাতালে পাঠানো হবে। এতে মানুষের ভোগান্তি কমবে এবং চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে।’

তিনি জানান, স্বাস্থ্যখাতের আধুনিকায়নের অংশ হিসেবে চীনের সহযোগিতায় তিন হাজার শয্যাবিশিষ্ট দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের কাজ চলছে। এসব হাসপাতালে নারী ও শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসা সুবিধা থাকবে।

বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘পূর্ববর্তী সরকার দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার ব্যতিক্রমধর্মী ধারায় দেশ পরিচালনা করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সবাইকে দুর্নীতিমুক্ত থেকে কাজ করতে হচ্ছে। সরকারি সেবা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না।’

স্বাস্থ্যখাতে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আইন লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনার কারণে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে।’

অনুষ্ঠানে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নান এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। এর আগে মন্ত্রী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪