পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডেকোরেটেড কেক ও দই উৎপাদনের প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ‘আল বাইক বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (১৫ জুন) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার তিন মাইল এলাকায় অবস্থিত ওই বেকারিতে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিএসটিআই-এর অনুমোদন বা বৈধ লাইসেন্স ছাড়াই দই এবং ডেকোরেটেড কেক উৎপাদন ও বাজারজাত করে আসছিল আল বাইক বেকারি। সোমবার বিকেলে সেখানে অভিযান চালান জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ আলী।
এ সময় লাইসেন্স না থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় এবং বেকারি মালিককে সতর্ক করার উদ্দেশ্যে 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন' অনুযায়ী প্রতিষ্ঠানের মালিক মো. আশরাফ আলীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে নগদ আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা এবং পঞ্চগড় সদর থানা পুলিশের একটি চৌকস দল শান্তি-শৃঙ্খলা রক্ষায় ও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এবং খাদ্য পণ্যের মান নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/ মিতু