চট্টগ্রাম প্রতিনিধি: হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে এক লাখ টনের বেশি অপরিশোধিত (ক্রুড) তেল নিয়ে তৃতীয়বারের মতো চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে আসছে ‘এমটি নিনেমিয়া’। জাহাজটি ইতোমধ্যে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে যাত্রা করে বাংলাদেশের জলসীমার কাছাকাছি পৌঁছেছে। বুধবার (১৭ জুন) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির।
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), ইস্টার্ন রিফাইনারি পিএলসি, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
বিপিসির ক্রুড অয়েল পরিবহনের দায়িত্বে থাকা বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, গত ৩০ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ যাত্রা শুরু করে। সবকিছু স্বাভাবিক থাকলে বুধবার জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে।
তিনি বলেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হলে সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থানরত ‘নর্ডিকস পলাক্স’ জাহাজও এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে। এছাড়া চলতি মাসের ২৭-২৮ জুন আরও এক লাখ টন সৌদি ক্রুড অয়েল জাহাজে তোলার পরিকল্পনা রয়েছে। এতে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ইস্টার্ন রিফাইনারি সূত্র জানায়, বর্তমানে প্রতিদিন ৪ থেকে সাড়ে ৪ হাজার মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টন ডিজেল উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি এলপিজি, ফার্নেস অয়েল, কেরোসিন ও অকটেনসহ বিভিন্ন উপজাতও উৎপাদিত হচ্ছে।
২৪৯ দশমিক ৯৫ মিটার দীর্ঘ ‘এমটি নিনেমিয়া’ কর্ণফুলী নদী হয়ে সরাসরি ডলফিন জেটিতে প্রবেশ করতে না পারায় বহির্নোঙরে অবস্থান করে ছোট ট্যাংকারের মাধ্যমে তেল খালাস (লাইটারিং) করা হবে।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ক্রুড অয়েলের মজুত ফুরিয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে ‘এমটি নিনেমিয়া’ জাহাজে তেল আসার পর ৮ মে পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু হয়। এ সময় জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস থেকে বিপুল পরিমাণ পরিশোধিত ডিজেল আমদানি করে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে জাহাজের বার্থিং, লাইটারিং ও খালাস কার্যক্রমে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ১ লাখ ৩ হাজার ৫৩৯ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ বুধবার বহির্নোঙরে পৌঁছাবে।