| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মদনে বিদেশে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগে আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ১৬:১৩:২৫:অপরাহ্ন  |  ১৩৮৯ বার পঠিত
মদনে বিদেশে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগে আসামি গ্রেপ্তার

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার মদনে বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া একটি মামলার প্রধান আসামি খসরু পারভেজ ভূঁইয়া (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার বাদলা তানেশ্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন করিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. হাসানুর রহমান, এসআই শাকিব, পুলিশ কনস্টেবল আকরামসহ পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় বাদলা পুলিশ ফাঁড়ির সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।

মামলার বাদী মোহন মিয়া অভিযোগ করেন, বিদেশে বৈধ চাকরি ও আকামা (কর্ম অনুমতিপত্র) করে দেওয়ার আশ্বাসে অভিযুক্তরা তার কাছ থেকে পর্যায়ক্রমে প্রায় ১৭ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও কর্মসংস্থানের ব্যবস্থা না করে তাকে বিদেশে নানা দুর্ভোগের মধ্যে ফেলে রাখা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, বিদেশে অবস্থানকালে তিনি চরম দুর্ভোগ ও নিরাপত্তাহীন পরিস্থিতির সম্মুখীন হন। পরে আত্মীয়-স্বজনের সহায়তায় আরও অর্থ পাঠানোর পর তাকে দেশে ফেরত পাঠানো হয়।

দেশে ফিরে তিনি অভিযুক্তদের কাছে অর্থ ফেরত ও প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে তারা অর্থ গ্রহণের বিষয়টি স্বীকার করলেও টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

আদালতের নির্দেশে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি মদন থানায় এজাহার হিসেবে রুজু করা হয়। মামলায় গ্রেপ্তার হওয়া খসরু পারভেজ ভূঁইয়াসহ মোট তিনজনকে আসামি করা হয়েছে। অপর দুই আসামি হলেন জাকির ভূঁইয়া (৪০) ও স্বপন মিয়া (৪২)।

মদন থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন করিম বলেন, “আদালতের নির্দেশে দায়ের হওয়া মামলার তদন্ত চলছে। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, মামলার বাদী মোহন মিয়া প্রধান আসামির গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪